Logo Logo

১০ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

কাঁঠালিয়ায় ব্রিজ ভেঙে খালে পড়লো পাথরবোঝাই ট্রাক


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সাথে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৬ মে) ভোরে বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রায় ১০ টন পাথর বোঝাই করে একটি ট্রাক কাঁঠালিয়ার ষাটকুড়া এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজটি অতিক্রম করার সময় সেটি হঠাৎ ভেঙে পড়ে। এ সময় ট্রাকটির পেছনের অংশটি চাকা বিচ্ছিন্ন হয়ে খালের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা একটি বেকু (স্কেভেটর) ব্যবহার করে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করলেও সড়ক যোগাযোগ এখনও সচল করা সম্ভব হয়নি।

গুরুত্বপূর্ণ এই ব্রিজটি ভেঙে পড়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। বিশেষ করে চেচরিরামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ জনপদের মানুষকে উপজেলা সদরে যাতায়াত করতে গিয়ে তীব্র বিপাকে পড়তে হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন এবং ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত অপসারণ এবং ভেঙে পড়া ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িকভাবে ব্রিজটি সংস্কার করে খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, ব্রিজটি অনেক পুরোনো হওয়ায় আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা ক্ষতিগ্রস্ত কাঠামোটি পরিদর্শন করেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ শুরু করা হবে।

এদিকে সাময়িক সংস্কারের পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি বিপজ্জনক অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকে কোনো কার্যকর বা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...