Logo Logo

খাজনার নামে নোটিশ দিয়ে অর্থ আদায়ের অভিযোগ, প্রশ্নের মুখে শত্রুজিৎপুর ভূমি অফিস


Splash Image

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ভূমি অফিসের বিরুদ্ধে খাজনার নামে নোটিশ পাঠিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


স্থানীয় ভুক্তভোগীদের দাবি, পুরাতন বকেয়া খাজনা ও বিভিন্ন কাগজপত্রের জটিলতার অজুহাত দেখিয়ে ভূমি অফিস থেকে নোটিশ পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ভূমি অফিস থেকে আকস্মিক নোটিশ পেয়ে অনেকেই জমির কাগজপত্র ও আইনি প্রক্রিয়া ঠিকমতো বুঝে উঠতে না পেরে চরম আতঙ্কিত হয়ে পড়ছেন। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি অফিসের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

জমির মালিকদের কেউ কেউ অভিযোগ করেছেন, সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ বা ঘুষ না দিলে ফাইল আটকে রাখা হচ্ছে কিংবা নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন কৃষক ও জমির মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিয়ম মেনে নিয়মিত জমির খাজনা পরিশোধ করে আসছি। তারপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বকেয়ার নোটিশ দিয়ে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। এই অনিয়মের বিষয়টি উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।

খাজনা আদায়ের নামে এমন কর্মকাণ্ডে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন সাধারণ মানুষ। একই সাথে তারা ভূমি অফিসের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে এই অনিয়ম ও অর্থ আদায়ের বিষয়ে শত্রুজিৎপুর ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের আনুষ্ঠানিক মতামত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহলের মতে, ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষ এভাবেই প্রতিনিয়ত হয়রানির শিকার হতে থাকবে। তাই গ্রামীণ জনপদের সাধারণ ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রতিবেদক- মোঃ রাজীব হোসেন, মাগুরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...