বিজ্ঞাপন
গত শুক্রবার (১৫ মে) দিবাগত রাত থেকে শনিবার সকালের মধ্যে এই পোস্টারগুলো লাগানো হয় বলে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা ও প্রেসক্লাব নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।
জেলা শহরের ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ছাড়াও রাজাপুর প্রেসক্লাব, নলছিটি প্রেসক্লাব ও কাঁঠালিয়া প্রেসক্লাব সংলগ্ন এলাকার বিভিন্ন দেয়ালে এই পোস্টারগুলো দৃশ্যমান রয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণ, স্থানীয় বাজার এলাকা ও বিভিন্ন জনসমাগমস্থলেও বিপুল পরিমাণ পোস্টার সাঁটানোর খবর পাওয়া গেছে।
পোস্টারগুলোতে “আমির হোসেন আমুর মুক্তি চাই”, “মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে”, “জননেতা আমির হোসেন আমুর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করো” এবং “নিঃশর্ত মুক্তি চাই”সহ বিভিন্ন দাবি ও স্লোগান লেখা রয়েছে। বেশ কয়েকটি পোস্টারে সাবেক এই মন্ত্রীর ছবিও ব্যবহার করা হয়েছে।
কে বা কারা এই পোস্টারগুলো লাগিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, আমির হোসেন আমুর অনুসারী ও সমর্থকরাই রাতের আঁধারে গোপনে এই কাজ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
পোস্টার সাঁটানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “রাতের আঁধারে আওয়ামী লীগের দোসররা এই পোস্টারগুলো লাগিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিক।”
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, বিষয়টি ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। কারা এই পোস্টার লাগানোর সাথে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন প্রকাশ্যে এই পোস্টার লাগানোর দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার পর সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...