Logo Logo

ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণ, তিন দিনের মাথায় মাদারীপুর থেকে অভিযুক্ত গ্রেপ্তার


Splash Image

ফরিদপুর সদরে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি জিহাদ খানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (১৬ মে) রাতে মাদারীপুরের শিবচর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জিহাদ খান শিবচর এলাকারই বাসিন্দা। ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ওই শিশু শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিলমামুদপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা আসামি জিহাদ খান তার মুখ চেপে ধরে। এ সময় শিশুটির মুখে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে তাকে অচেতন করে ফেলা হয়। পরবর্তীতে অবচেতন অবস্থায় মেয়েটিকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত জিহাদ।

ঘটনার পর জ্ঞান ফিরে এলে ভুক্তভোগী শিশুটি কোনোমতে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানকার বাসিন্দাদের বিস্তারিত জানায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শিশুটির মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় জিহাদ খানকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিকে আইনের আওতায় আনতে জোরদার অভিযান শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার মাত্র তিন দিনের মাথায় মাদারীপুরের শিবচর থেকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর রোববার বিকেলে আসামিকে ফরিদপুরের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। সেখানে বিজ্ঞ বিচারকের খাস কামরায় দণ্ডবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে অভিযুক্ত জিহাদ খান। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...