Logo Logo

রাজবাড়ীতে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে নিয়োগ পেল ২০ তরুণ-তরুণী


Splash Image

রাজবাড়ীতে সম্পূর্ণ প্রভাবমুক্ত, স্বচ্ছ এবং শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মেধা তালিকায় স্থান পেয়ে জেলার ২০ জন তরুণ-তরুণী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি চূড়ান্ত তালিকায় আরও ৪ জনকে অপেক্ষমাণ (ওয়েটিং লিস্ট) রাখা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১৭ মে) রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর মনস্তাত্ত্বিক, মৌখিক পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।

নিয়োগ বোর্ডের চাক্ষুষ প্রক্রিয়ার বিবরণ দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, “এবারের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি কোনো ধরনের তদবির বা অনিয়ম ছাড়া সম্পূর্ণ প্রভাবমুক্ত, স্বচ্ছ এবং শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এখানে শুধুমাত্র যোগ্য প্রার্থীরাই নিজেদের মেধার জোরে স্থান করে নিয়েছেন।”

ফলাফল ঘোষণার পর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং চাকরি পাওয়ার আনন্দে অনেকের চোখেই আবেগের অশ্রু চলে আসে। এ সময় পুলিশ সুপার নবনিযুক্ত এই পুলিশ সদস্যদের সততা, গভীর দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার উদাত্ত আহ্বান জানান।

রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের নিয়োগ প্রক্রিয়ায় কঠোর শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা এবং সর্বশেষ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ধাপগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।

চূড়ান্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, পিপিএম-সেবা এবং গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত এই ২০ জন প্রার্থীর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি কাগজপত্র যাচাই-বাছাই শেষে দ্রুতই চূড়ান্ত প্রশিক্ষণের জন্য পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...