বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার তদন্ত কর্মকর্তা আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক ব্যক্তির জানাজা শেষে স্বজন ও প্রতিবেশীরা খাটিয়ায় করে মরদেহ দাফনের জন্য কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান খাটিয়াবাহনকারীদের সজোরে ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে মরদেহটি সড়কের ওপর ছিটকে পড়ে এবং খাটিয়া বহনকারী বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, শ্যালক নাছির, ভাগনে রেজা এবং নাতি সম্পর্কের আরও একজনসহ মোট পাঁচজন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। এমন সংবেদনশীল মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা তাৎক্ষণিকভাবে পিকআপটিতে আগুন ধরিয়ে দেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল সচল করেন।
নলছিটি থানার তদন্ত কর্মকর্তা আশরাফ আলী জানান, রাত ৯টার দিকে জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় লাশ বহনকারী খাটিয়ায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় কয়েকজন আহত হয়েছেন। পরবর্তীতে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...