Logo Logo

আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ

চাটখিলে বড় ভাইয়ের কোপে ছোট ভাই গুরুতর জখম


Splash Image

নোয়াখালীর চাটখিলে পৈত্রিক সম্পত্তিতে আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক প্রবাসী যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এই বর্বরোচিত ঘটনার পর আহতের স্ত্রী বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যা পরবর্তীতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।


বিজ্ঞাপন


গত ১৭ মে (রোববার) দুপুর ১২টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের মিঝি বাড়ি এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত মো. জাবেদ আলম সজল (৩০) ওই এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জাবেদ আলম সজল পৈত্রিক ওয়ারিশি সম্পত্তির একটি গাছ থেকে আম পাড়তে যান। এ সময় তার সহোদর বড় ভাই মঞ্জুর হোসেন ও পরিবারের অন্য সদস্যরা এতে তীব্র বাধা প্রদান করেন। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিরোধের একপর্যায়ে অভিযুক্তরা চাইনিজ কুড়াল, লোহার রড ও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সজলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জাবেদ আলমের মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে সজোরে কোপ দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। নৃশংস এই হামলায় তার ডান হাতও গুরুতর জখম ও ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় সজলের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী ফারজানা আক্তার আইরিন এগিয়ে গেলে তাকেও মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাবেদ আলমের মাথার ক্ষতস্থানে ১৮টি সেলাই প্রদান করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর আহতের স্ত্রী ফারজানা আক্তার আইরিন বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, যা ইতিমধ্যেই মামলা হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...