Logo Logo

রাজাপুরে র‍্যাবের অভিযানে মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে একটি মরণঘাতী ও বিরল প্রকৃতির বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৮ এর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল ভোররাতে নৈকাঠি গ্রামের বাসিন্দা মো. নান্নু শিকদারের বসতবাড়ির এলাকায় অবস্থান নেয়। পরে ঘরের পেছনের ঢালাই গলি সড়কের পাশে সুনির্দিষ্ট তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশিকালে সেখানে থাকা একটি মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রটিকে বিদেশি ‘পেন গান’ হিসেবে শনাক্ত করা হয়।

র‍্যাব আরও জানায়, স্থানীয় সাধারণ সাক্ষীদের উপস্থিতিতে আইনগত নিয়ম মেনে অবৈধ অস্ত্রটি জব্দ করা হয়েছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মরণঘাতী আলামতটি রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, “সমাজ থেকে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজি নির্মূলে র‍্যাবের কঠোর অভিযান নিয়মতান্ত্রিকভাবে অব্যাহত রয়েছে। একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে র‍্যাব-৮ সর্বদা সর্বোচ্চ তৎপর রয়েছে।”

তিনি আরও জানান, প্রত্যন্ত অঞ্চলে অবৈধ অস্ত্রের প্রসার রোধ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের সুরক্ষায় এ ধরনের বিশেষ আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...