Logo Logo

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু


Splash Image

ছবিটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি।

বগুড়ার শেরপুরে গভীর রাতে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও এক যুবককে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ফজলে রাব্বি ওরফে রাফি মণ্ডল (২৪)। তিনি পার্শ্ববর্তী ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মণ্ডলের ছেলে। এই ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেন (৩০) একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডেশ্বর গ্রামের কৃষক রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচ পাম্প পরিচালনা করেন। চুরির হাত থেকে রক্ষা পেতে তাঁরা পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা–সংবলিত একটি ডিজিটাল অ্যালার্ম ডিভাইস যুক্ত করে রেখেছিলেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে ফজলে রাব্বি ও জাহাঙ্গীর ওই ট্রান্সফরমারটি চুরি করার চেষ্টা চালান। এ সময় স্বয়ংক্রিয়ভাবে মালিকপক্ষের মুঠোফোনে চুরির সংকেত পৌঁছে যায়। তাৎক্ষণিকভাবে পাম্পের মালিকেরা চিৎকার শুরু করলে আশপাশের চন্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

একপর্যায়ে উত্তেজিত জনতা ওই দুই যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। এতে তাঁরা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর যুবক পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...