Logo Logo

পৌর কর্মচারীর আপত্তিকর ভিডিও ভাইরাল

টুঙ্গিপাড়ায় চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ


Splash Image

টুঙ্গিপাড়া পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৭ মিনিট ৫৭ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, গত ১৫ মে "Suvo Da" নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কর্মচারী জানান, ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে উক্ত আইডি থেকে ভিডিওটি মুছে ফেলা (ডিলিট) হলেও অনেকে তা মুঠোফোনে সংরক্ষণ করে রাখেন।

স্থানীয় সূত্র জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে আজ বুধবার (২০ মে) পর্যন্ত কর্মস্থলে নামমাত্র হাজিরা দিচ্ছেন পাম্প অপারেটর জামাল শেখ। ঘটনাটি ধামাচাপা দিতে তিনি স্থানীয় প্রভাবশালী নেতাদের দ্বারে দ্বারে দৌড়াদৌড়ি করছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে ভিডিওতে থাকা নারীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাই পরিচয়ে সুজন নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, পৌরসভার পাম্প অপারেটর জামাল শেখ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বোনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, চাকরির প্রলোভনে তিনি একাধিকবার তাঁর বোনের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। বিষয়টি বোনের প্রবাসী স্বামী জানতে পেরে তাঁকে ডিভোর্স (তালাক) দিয়েছেন। জামালের কারণে তাঁর বোনের সংসার ভেঙেছে এবং টাকাও ফেরত পাননি। এই ঘটনায় খুব শীঘ্রই তাঁর বোন আদালতে মামলা দায়ের করবেন বলে সুজন জানান।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পাম্প অপারেটর জামাল শেখ। উল্টো দাবি করে তিনি বলেন, ভিডিওর ঘটনাটি ২০২২ সালের। ওই নারী নিজেই ভিডিওটি ধারণ করেছিলেন এবং পরবর্তীতে তা দেখিয়ে ব্ল্যাকমেইল করে তাঁর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। উক্ত নারী বর্তমানে অন্য একজনকে বিয়ে করে সংসার করছেন বলেও দাবি করেন জামাল।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক জহিরুল আলম বলেন, ভিডিওর বিষয়টি তাঁর নজরে এসেছে। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। ভুক্তভোগী পক্ষের কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...