Logo Logo

গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চাকরি এবং সরকারি রিলিফের কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় গ্রামবাসীদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


অভিযুক্ত ব্যক্তির নাম মনোজ কুমার বালা। তিনি দুর্গাপুর ইউনিয়নের ছোট ডোমরাসুর গ্রামের মনিন্দ্রনাথ বালা ওরফে মরণ বালার ছেলে।

এই প্রতারণার প্রতিকার ও অভিযুক্তের শাস্তির দাবিতে গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যায় ছোট ডোমরাসুর গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মনোজের নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে তার আপন ছোট ভাই মিঠুন বালা ও বাবা মনিন্দ্রনাথ বালাও তার বিরুদ্ধে জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মনোজ কুমার বালা দীর্ঘদিন ধরে এলাকার সহজ-সরল ও অসহায় মানুষকে সরকারি চাকরি এবং বিভিন্ন ধরনের সরকারি সুবিধা সংবলিত কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। তার এই ফাঁদে পা দিয়ে এলাকার বহু মানুষ ধারদেনা ও জমি বন্ধক রেখে কষ্টার্জিত টাকা তার হাতে তুলে দেন। কিন্তু পরবর্তীতে চাকরি বা রিলিফের কার্ড কোনোটিই না দিয়ে তিনি সেই টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেন।

সংবাদ সম্মেলনে হারাধন বেরাগী, লেবু বাইন, রত্না মল্লিক, মহাদেব বৈরাগী, আব্দুর সাত্তার মোল্লাসহ একাধিক ভুক্তভোগী জানান, অভিযুক্ত মনোজের কাছে পাওনা টাকা ফেরত চাইলে বা এই প্রতারণার প্রতিবাদ করলে সে উল্টো প্রাণনাশের হুমকি দেয়। এই প্রেক্ষিতে বিষয়টি এলাকার গণ্যমান্য ও স্থানীয় সম্মানিত ব্যক্তিদের জানানো হলে, সে তাদের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার, কুৎসা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। মূলত ভুক্তভোগীদের অর্থ আত্মসাৎ এবং নিজের অপরাধ ঢাকতেই মনোজ এই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

গ্রামবাসী জানান, মনোজের এসব অপকর্ম ও জালিয়াতির বিরুদ্ধে ইতিমধ্যে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা অবিলম্বে এই প্রতারককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং জালিয়াতি করে হাতিয়ে নেওয়া টাকা দ্রুত উদ্ধারের জোর দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...