Logo Logo

গোপালগঞ্জে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক একটি কর্মশালা এবং বিনামূল্যে বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ দাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন মহালদার, কৃষিবিদ এবং BRAC সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, পাশাপাশি ব্র্যাক সিডের টেরিটরি সেলস অফিসার সুজিত মন্ডল।

কর্মশালায় স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, রিটেইলার, কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কৃষিজমির উর্বরতা হ্রাস করছে, পরিবেশ দূষণ বাড়াচ্ছে এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জৈব বালাইনাশক একটি নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তারা আরও বলেন, জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ থাকে এবং উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত হয়।

বক্তারা জোর দিয়ে উল্লেখ করেন, জৈব বালাইনাশক মাটির স্বাস্থ্য রক্ষা করে, উৎপাদন খরচ কমায় এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...