Logo Logo

জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


Splash Image

উত্তর চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন 'জাগৃতি'র উদ্যোগে আয়োজিত জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। জমজমাট এই ফুটবল লড়াইয়ে চিটাগং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পতেঙ্গা যুব ফুটবল সংঘ। রানার্স আপ হয়েছে চিটাগং কিংস।


বিজ্ঞাপন


তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রামের দুটি শক্তিশালী দল চিটাগং কিংস ও পতেঙ্গা যুব ফুটবল সংঘ। খেলার প্রথমার্ধেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে পতেঙ্গা যুব ফুটবল সংঘ ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর খেলার ১০ মিনিটের মাথায় চিটাগং কিংস একটি গোল পরিশোধ করে ব্যবধান কমায় (২-১)। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা আর কোনো গোল করতে না পারায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পতেঙ্গা যুব ফুটবল সংঘ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

জাগৃতির সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টসিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আব্দুল্লাহ আল মুমিন এবং এসি ল্যান্ড শাহেদ আরমান।

আমন্ত্রিত রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, উপজেলা বিএনপির সদস্য লায়ন সালাউদ্দিন আলী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনিরুল আলম জনি।

এছাড়া কাসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তকিবুল হাসান চৌধুরী তকি, আয়োজক উপ-পরিষদের সদস্য আবদুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম, মো. রাশেদ, সেলিম উদ্দিন রিয়াজ, মো. রুবেলসহ জাগৃতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ফাইনাল ম্যাচে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে পতেঙ্গা যুব সংঘের জাফর ইকবাল 'ম্যান অব দ্য ম্যাচ' নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে চিটাগং কিংসের মুস্তাফা কাহারবা 'ম্যান অব দ্য টুর্নামেন্ট' এবং পতেঙ্গা যুব সংঘের মো. মুনীর সেরা গোলকিপার নির্বাচিত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...