Logo Logo

টুঙ্গিপাড়ার পাটগাতীতে তীব্র সুপেয় পানির সংকট, দুর্ভোগে জনজীবন


Reporter Image

রিপন

Splash Image

একদিকে দেশজুড়ে তীব্র গরম ও তাপদাহ, অন্যদিকে সুপেয় পানির তীব্র অভাব—এই দুইয়ের যাঁতাকলে পড়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নং পাটগাতী ইউনিয়নে দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। তীব্র গরমের মাঝে সরবরাহকৃত পানির তীব্র ঘাটতির কারণে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বর্তমানে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাটগাতী ইউনিয়ন পরিষদ এই সুপেয় পানির সংকট নিরসনে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নিতে না পারলেও প্রতি মাসে নিয়মিতভাবে পানির বিলের কাগজ ঠিকই গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। পানি না পেয়েও নিয়মিত বিল পরিশোধ করতে হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসেই কম-বেশি এই সংকট দেখা দিলেও চলতি মে মাসের শুরু থেকে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই সমস্যার স্থায়ী কোনো সমাধান করতে পারেনি। এলাকাবাসীর দাবি, পাটগাতী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অব্যবস্থাপনা, উদাসীনতা ও অদক্ষতার কারণেই পানির সংকট এমন তীব্র রূপ নিয়েছে। দ্রুত এই সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের ক্ষোভ যেকোনো সময় বড় ধরনের জনবিক্ষোভে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্র আরও জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পাটগাতী ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান শেখ শকুরের সময়কাল থেকেই মূলত এই পানি সংকট শুরু হয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে ইউনিয়ন পরিষদটি যোগ্য অভিভাবকের অভাবে এক প্রকার অভিভাবকহীন ও ভঙ্গুর অবস্থায় পরিচালিত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে নাগরিক সেবার ওপর।

ইউনিয়নের সুপেয় পানি সংকটের ব্যাপারে জানতে চাইলে পাটগাতী ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, প্রধান লাইনের পানির পাইপ ছিদ্র (লিক) হয়ে যাওয়ার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে এবং এই সমস্যার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নতুন পাইপ কেনার চেষ্টা করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তা পরিবর্তন করে পানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করবেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। তবে পানির প্ল্যান্ট পরিচালনা, বণ্টন ও সার্বিক তদারকির মূল দায়িত্ব পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের।

স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধানের লক্ষ্যে পাটগাতী ইউনিয়নের সাধারণ মানুষ গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস. এম. জিলানীর সরাসরি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...