Logo Logo

ফুলগাজী সরকারি কলেজের ল্যাবে ১১ লাখ টাকার কম্পিউটার সামগ্রী চুরি: এইচএসসির ছাত্র গ্রেফতার


Splash Image

ফেনীর ফুলগাজী সরকারি কলেজের কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি কক্ষ থেকে প্রায় ১১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার আইটি ও কম্পিউটার সামগ্রী চুরির ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই সাথে তার কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃত কিশোর ওই কলেজেরই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ (এইচএসসি ১ম বর্ষ) মানবিক বিভাগের ছাত্র বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।


বিজ্ঞাপন


পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, ফুলগাজী থানাধীন ১ নম্বর ফুলগাজী ইউনিয়নের ফুলগাজী সরকারি কলেজের পুরাতন দুইতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষ এবং নতুন ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কম্পিউটার ল্যাব থেকে ধাপে ধাপে বিভিন্ন মূল্যবান কম্পিউটার যন্ত্রাংশ চুরি হয়। কলেজ কর্তৃপক্ষ গত ১১ এপ্রিল (২০২৬) বিকেলে প্রথম দফায় লাইব্রেরি কক্ষের চুরির বিষয়টি টের পায়। এর কিছুদিন পর, গত ৪ মে কম্পিউটার ল্যাবেও একই ধরনের চুরির ঘটনা ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ নিখোঁজ হওয়ার বিষয়টি ধরা পড়ে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ল্যাব ও লাইব্রেরি থেকে চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ৩১টি প্রসেসর, ১১টি সিপিইউ কুলার ফ্যান, ৩০টি ৮ জিবি ডিডিআর-৪ র‌্যাম, ৩০টি হার্ডডিস্ক, ৩টি মাদারবোর্ড, ২টি সুইচ হাব ও ২টি রাউটার। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। এই চুরির ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করলে, পুলিশ পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করে ছায়া তদন্ত শুরু করে।

মামলার তদন্তের এক পর্যায়ে ফুলগাজী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ফেনী ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সন্দেহের ভিত্তিতে গত ২১ মে (২০২৬) ফেনী মডেল থানা এলাকার শান্তি কোম্পানি রোডের একটি আবাসিক বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযুক্ত শিক্ষার্থী সাকিব আল হাসানের ব্যবহৃত কক্ষের খাটের নিচ থেকে সুকৌশলে লুকিয়ে রাখা চুরিকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ফুলগাজী থানা পুলিশ জানায়, আটকের পর কলেজের শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে ওই শিক্ষার্থী চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। সে জানায়, কলেজের ল্যাব ও লাইব্রেরির কম্পিউটারগুলো খুলে সে নিজেই এই যন্ত্রাংশগুলো সরিয়ে নিয়েছিল। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটক কিশোরের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...