Logo Logo

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু


Splash Image

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. সামির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নিহত সামির জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে হামের উপসর্গ নিয়ে সামিরকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। চলতি মৌসুমে নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, চলতি বছরের এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৯৫০ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছে। প্রতিদিন গড়ে ২০ জন করে শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ১০৪ জন শিশু ভর্তি রয়েছে।

রোগীর অতিরিক্ত চাপের কারণে হাসপাতালটিতে বেড, ওষুধ, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফ সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে অনেক অভিভাবককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। একই সঙ্গে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহম্মেদ চৌধুরী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৪ জন শিশু ভর্তি রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...