Logo Logo

নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় আজ রোববার (২৪ মে) ঘোষণা করা হবে। দীর্ঘ চার বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে নিহত শিশুর পরিবার আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে।


বিজ্ঞাপন


নোয়াখালীর শিশু ধর্ষণ ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তারের আদালতে এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হবে।

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত (২৬) একই এলাকার বাবুল হোসেনের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া আসামি শাহাদাত তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। এরপর মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দারা শুরু থেকেই দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে আসামির ফাঁসির দাবিতে আন্দোলন করে আসছেন।

পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন, আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর বার্তা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...