Logo Logo

মাদক নির্মূলে ‘আলোকিত কোটালীপাড়া’ গঠনের ঘোষণা এমপি জিলানীর


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ‘আলোকিত কোটালীপাড়া’ নামে নতুন একটি সংগঠন গঠনের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত এই সংগঠনের কমিটি গঠন করা হবে। কমিটিতে শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সহজে শনাক্ত করা সম্ভব হয়।

শনিবার (২৩ মে) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির এডহক কমিটি ও প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির পরিচিতি সভা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, “ওয়ার্ড পর্যায়ে ভালো ও সচেতন মানুষদের সম্পৃক্ত করা হবে, যাতে ওই এলাকায় কারা মাদক সেবন করে এবং কারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত, তা সহজেই চিহ্নিত করা যায়। প্রথমে তাদের সঙ্গে বসে কাউন্সেলিং ও মোটিভেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শুরুতেই শতভাগ সফলতা নাও আসতে পারে, তবে ধীরে ধীরে কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদক নির্মূলে অগ্রগতি অর্জন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ একযোগে সহযোগিতা করলে এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

সভায় তিনি বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়েও বক্তব্য দেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পরিবারকে ফ্যামেলি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ফ্যামেলি কার্ড কার্যক্রম চালু হয়েছে এবং আগামী জুলাই মাসে কোটালীপাড়া উপজেলাতেও ফ্যামেলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে বলে জানান তিনি।

নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মো. আরিফ-উজ-জামান, মো. হাবীবুল্লাহ, সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদার।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, ওসি (তদন্ত) সফর আলী, কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...