Logo Logo

বকশীগঞ্জে বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তাঁর কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে হস্তান্তর করেন। পরে ওই কার্ড বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

কার্ড ফেরতের বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ড দেওয়ার পরই আমি উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলি। দলীয় কোনো নির্দেশনা না থাকায় আমরা কার্ডগুলো চেয়ারম্যানের কাছেই রেখে চলে আসি। স্থানীয় বিএনপির কেউ কোনো ভিজিএফ কার্ড নেয়নি।”

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, “দলীয় নির্দেশনার বাইরে আমাদের কোনো এখতিয়ার নেই।”

এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলো ফেরত নেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুসরণ করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...