Logo Logo

পাথরঘাটার সাবেক মেয়র ও আ. লীগ নেতা আনোয়ার হোসেন আকন গ্রেপ্তার


Splash Image

বরগুনার পাথরঘাটা পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আকনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


রবিবার (২৪ মে) দিবাগত গভীর রাতে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকের পর রাতেই তাকে বরগুনা সদর থানায় নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আনোয়ার হোসেন আকন প্রকাশ্যে তেমন দেখা দেননি। দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে। হঠাৎ করে তার গ্রেপ্তারের ঘটনায় পাথরঘাটার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

এদিকে পাথরঘাটা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও ঠিকাদারি কাজের অর্থ আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট আদালতে দায়ের হওয়া এসব মামলার মধ্যে কয়েকটি বর্তমানে বিভিন্ন তদন্ত সংস্থার অধীনে তদন্তাধীন রয়েছে। স্থানীয় দুই ঠিকাদার পৃথকভাবে এসব মামলা দায়ের করেছেন বলে সূত্র জানিয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, “সাবেক মেয়র আনোয়ার হোসেন আকনকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

সাবেক এই মেয়রের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পাথরঘাটা উপজেলা জুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে স্থানীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের প্রভাব ও সক্রিয় ভূমিকার কারণে ঘটনাটি নিয়ে নানা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...