Logo Logo

ঈদের ছুটিতেও আজ সীমিত পরিসরে খোলা ব্যাংক


Splash Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটির মধ্যেও আজ মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে কার্যক্রম চালাচ্ছে দেশের কয়েকটি ব্যাংক শাখা। মূলত তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে বিশেষ বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ খোলা থাকা শাখাগুলোতে অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির কারণে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য উৎসব ভাতা পরিশোধ নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থায় নির্দিষ্ট কিছু এলাকার শাখা খোলা রাখা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এ ছাড়া দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের দীর্ঘ ছুটিকালেও (শুধুমাত্র ঈদের দিন ছাড়া) আমদানি-রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট সীমিত ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্পষ্ট নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ঈদের এই ছুটির দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত বিশেষ ভাতা বা ক্ষতিপূরণ সুবিধা প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...