Logo Logo

বগুড়ার শেরপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


Splash Image

সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ছাতিয়ানী এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


তরুণ সমাজসেবক ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাফি আল আমিনের উদ্যোগে মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাফি আল আমিনের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়। সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন— ডা. অমিত কুমার লাহা, মেডিসিন স্পেশালিস্ট, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল; ডা. মো. ইকবাল হোসেন, এনেস্থেসিওলজিস্ট, একই হাসপাতাল; ডা. অপু বসাক, ইএমও, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল; ডা. ফাবলিহা আফিয়া অনন্যা, এমএস রেসিডেন্ট (সার্জারি), রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল; ডা. আরিফা মৌসুমি নীপা, সহকারী রেজিস্ট্রার (গাইনি অ্যান্ড অবস), বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল; ডা. শাহরিয়ার হোসেন সম্রাট, মেডিকেল অফিসার, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ডা. মাহাবুবা মুন্নী, মেডিকেল অফিসার, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডা. একরামুল ইসলাম, প্রাইভেট প্র্যাকটিশনার।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা জানান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রামের সাধারণ মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

আয়োজক রাফি আল আমিন বলেন, গ্রামের অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। অর্থাভাবে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...