ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্প্রতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ ও র্যাবের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই তার দৃশ্যমান ফল পাওয়া যাবে।
তিনি বলেন, “তারা খুবই উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে। সেটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতি ছিল এবং দুর্বৃত্তায়ন এক ধরনের মহামারিতে রূপ নিয়েছিল। জঙ্গল সলিমপুরকে “রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র” হিসেবে গড়ে তোলার চেষ্টা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, যৌথ অভিযানে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং একাধিক দাগী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার সেখানে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও চট্টগ্রাম জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। তবে তারা যে উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে, তা কঠোরভাবে দমন করা হবে।”
যদিও পুরো পরিকল্পনা এখনই প্রকাশ করতে চান না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি দৃঢ়ভাবে বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং মাদক ব্যবসায়ী কিংবা চাঁদাবাজ— কারও জন্য কোনো ছাড় থাকবে না।
সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে কোনো সমস্যা দেখা দিলে সাধারণত ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তা সমাধান করা হয়। কিছু জায়গায় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটলেও জাতীয়ভাবে উদ্বেগ তৈরির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান তিনি।
তিনি বলেন, বিজিবির মহাপরিচালক তাৎক্ষণিকভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা তথ্য দেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেব।”
তিনি দাবি করেন, গত তিন মাসে সংঘটিত বিভিন্ন জঘন্য অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বিভিন্ন টোল প্লাজায় দীর্ঘ যানজটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। উন্নত বিশ্বের মতো ডিজিটাল ও স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব।
তিনি জানান, গাড়িতে ডিজিটাল কার্ড সংযুক্ত করে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ব্যবস্থা চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে জঙ্গল সলিমপুরে র্যাবের বিশেষ ক্যাম্প ঘিরে হামলার বিষয়ে কথা বলেছেন র্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
মঙ্গলবার ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ও অন্যান্য ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, হামলাটি সরাসরি র্যাব ক্যাম্পে হয়নি; বরং নতুন একটি বিশেষ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার সময় অতর্কিতভাবে হামলা চালানো হয়।
তিনি বলেন, “ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে— এটা ভাবার কোনো সুযোগ নেই। তবে আমরা হয়তো তাদের সেই পর্যায়ের মনিটরিং করতে পারিনি। এটাকে কিছুটা আমাদের দুর্বলতা বলা যায়।”
র্যাব ডিজি আরও বলেন, “আমাদেরকে ওভার পাওয়ার করার মতো শক্তি তাদের নেই। তারা এটা ভালোভাবেই জানে।”
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
মো. আহসান হাবীব পলাশ বলেন, “তারা আর সেখানে প্রবেশ করতে পারবে না। যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাদের উচ্ছেদ করা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...