Logo Logo

ঝালকাঠি বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান পুড়ে ছাই


Splash Image

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র বড় বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘শংকর স্টোর’ নামে একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মুদির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন


শনিবার (৩০ মে) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকরা। দীর্ঘ ৩৫ বছরের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে দোকান খোলার প্রস্তুতি চলাকালে হঠাৎ শংকর স্টোর থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে দোকানের ভেতরে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের ফলে পাশের অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে দোকানের সব ধরনের মালামাল পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত দোকানের মালিক অনিল, শংকর ও স্বপনের পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানটি পুনরুদ্ধারে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...