Logo Logo

কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ চাচা ও ভাতিজাকে পিটিয়ে জখম


Reporter Image

রিপন

Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৯নং পুইশুর ইউনিয়নের পুইশুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধ ও তার আপন ভাতিজাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীর বিরুদ্ধে। আহতরা বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পুইশুর গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে রিয়াজ মোল্লা (৪৬) স্থানীয় একটি মোড়ের চায়ের দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

আহত রিয়াজ মোল্লা অভিযোগ করেন, এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কিছুদিন আগে তার পুকুর থেকে ইলেকট্রিক শকের মাধ্যমে মাছ চুরির সময় কয়েকজনকে হাতেনাতে ধরে তিনি কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর থেকেই আসামিরা তার ওপর ক্ষুব্ধ ছিল এবং তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল।

তার দাবি, পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন লাভলু মোল্লার নেতৃত্বে তার ছেলে গণি মোল্লা, ইয়াসিন সিকদার, ইসরাইল সিকদারসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র, দা, ছুরি, লাঠি ও লোহার রড নিয়ে তার ওপর হামলা চালায় এবং তাকে পিটিয়ে গুরুতর জখম করে।

এদিকে ভাতিজার ওপর হামলার খবর পেয়ে স্থানীয় মসজিদ থেকে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান সত্তোরোর্ধ্ব বৃদ্ধ চাচা ওমর আলী মোল্লা। তিনি ভাতিজাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তার হাতের লাঠি কেড়ে নিয়ে তাকেও বেধড়ক মারধর করে। এতে তিনিও গুরুতর আহত হন।

পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...