নিহত জোবায়ের হোসেন ওরফে রাকিব।
বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবের বাবা ও এক ভাই প্রবাসে থাকেন। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন। তিন থেকে চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথাকাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষের লোকজন জড়ো হন। এ সময় স্থানীয়রা রাকিবকে ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে পাকমুন্সিরহাট বাজার এলাকার একটি অন্ধকার স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে হামলা চালায়। ভাইকে রক্ষার চেষ্টা করলে ছোট ভাই রিমনও হামলার শিকার হয়ে আহত হন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং হামলাকারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...