Logo Logo

টুঙ্গিপাড়ায় জমি বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং অপর ভাইকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এছাড়া হামলার সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


আহত দুই ভাইকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে রামচন্দ্রপুর গ্রামের নাসির শেখ ও তার ভাই নাজির শেখ সিঙ্গিপাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর বটতলা এলাকায় মারুফ শেখের চায়ের দোকানের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাদের গতিরোধ করে।

ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে নাসির শেখের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে দুই ভাইকে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় নাজির শেখের পকেটে থাকা ৫৫ হাজার টাকা, একটি রেডমি-১২ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নাসির শেখের ব্যবহৃত একটি ভিভো-০৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয়রা ও স্বজনরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর আহত নাসির শেখের স্ত্রী সাবিনা বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রামচন্দ্রপুর গ্রামের ১২ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদক- কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...