Logo Logo

নোয়াখালীতে চার ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি স্বর্ণসহ ১০ লাখ টাকা লুট


Splash Image

নোয়াখালীর সদর উপজেলায় একটি আবাসিক ভবনের তালা ভেঙে চারটি ফ্ল্যাটে একযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদ-পরবর্তী সময়ে ফাঁকা ভবনে হানা দিয়ে চোরের দল প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।


বিজ্ঞাপন


গতকাল সোমবার (১ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার ‘আলম মঞ্জিল’ ভবনে এই চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও ভবনের মালিক মাহমুদ হোসেন জানান, পবিত্র ঈদুল আজহার ছুটিতে তাঁর পরিবারসহ ভবনের আরও তিনটি পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করছিল। ওই সময় শুধু মানিক নামে এক ভাড়াটিয়ার পরিবার ফ্ল্যাটে ছিল। গত সোমবার দুপুর দেড়টার দিকে ওই ভাড়াটিয়ার পরিবারও একটি সামাজিক দাওয়াতে অংশ নিতে বাইরে গেলে পুরো ভবনটি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়।

এই সুযোগে দিনের আলোতেই চোরের দল ভবনের প্রধান ফটক ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা একে একে চারটি ফ্ল্যাটের দরজার হ্যাজ বোল্ট কেটে ভেতরে ঢুকে আলমারি তছনছ করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুটে নেয়। বিকেল ৩টার দিকে ভাড়াটিয়ারা দাওয়াত শেষে বাসায় ফিরে প্রধান ফটকের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে কৌশলে ভেতরে প্রবেশ করে চারটি ফ্ল্যাটের কক্ষগুলো তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক জানান, চুরির ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও খোঁজখবর নিয়েছে। এই চক্রটিকে শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...