বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী রাজাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।
আটককৃত অনি সিকদার উপজেলার বাঘড়ি এলাকার শাহজাহান সিকদারের ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের কাছে গত কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে অগ্রিম ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে আসেন অনি সিকদার। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করেন।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইমন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনি সিকদারকে থানা হেফাজতে নেন। এ সময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত তার একটি মোবাইল ফোন এবং একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় অনি সিকদার নামে ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল বুধবার সকালে তাকে ঝালকাঠি জেলা আদালতে পাঠানো হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...