বিজ্ঞাপন
যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দৈনিক টোল আদায়ের তথ্য বিশ্লেষণে জানা যায়, মঙ্গলবার (২ জুন) ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে ২২ হাজার ৬৭৬টি যানবাহন পারাপার করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা।
অপরদিকে, সেতুর পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে চলাচল করেছে ১৫ হাজার ৭০০টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২১ হাজার ৮৫০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।
এর আগের ২৪ ঘণ্টায়, সোমবার (১ জুন), সেতুটি দিয়ে ৩৫ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছিল। ওই সময়ে টোল আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা। সে হিসেবে মাত্র একদিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ৩ হাজার এবং টোল আদায় বৃদ্ধি পেয়েছে ৫০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ-পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ থাকলেও বর্তমানে কর্মস্থলমুখী যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ফলে সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত সেতু ও সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...