Logo Logo

স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন স্ত্রী

নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত- ২


Splash Image

নড়াইলে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫২) এবং অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (২৮)। নিহত চালক আকবর লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চরকলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন (৬৫) সম্প্রতি বার্ধক্যজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন। বুধবার ভোরে ঢাকা থেকে তাঁর মরদেহ নিয়ে ছেলে আবু তাহেরসহ পরিবারের আট সদস্য একটি অ্যাম্বুলেন্সযোগে যশোরের উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার বাদশার গ্যারেজ সংলগ্ন বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও অ্যাম্বুলেন্সের সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মরণাপন্ন ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম এবং অ্যাম্বুলেন্সের চালক আকবর হোসেন প্রাণ হারান। এ সময় ইসমাইল হোসেনের ছেলে আবু তাহেরসহ অ্যাম্বুলেন্সে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...