Logo Logo

ফুটবল খেলায় না নেওয়াকে কেন্দ্র করে পাইকগাছায় শিশুসহ পরিবারের ওপর হামলা, আহত ৩


Splash Image

খুলনার পাইকগাছা উপজেলায় শিশুদের ফুটবল খেলায় এক যুবককে অংশ নিতে না দেওয়াকে কেন্দ্র করে এক শিশুসহ তার বাবা-মায়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনজন আহত হয়েছেন। এ সময় ভুক্তভোগীদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার গড়ইখালী ইউনিয়নের কুমখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উবাইদুল্লাহ মোল্লা, তার স্ত্রী জেসমিন এবং ছেলে আলামিন রয়েছেন। উবাইদুল্লাহ বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলামিন তার বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ফুটবল খেলছিল। এ সময় এলাকার আরিফ (২০) তাদের সঙ্গে খেলতে আগ্রহ প্রকাশ করেন। শিশুদের পক্ষ থেকে তাকে খেলায় অন্তর্ভুক্ত না করায় ক্ষুব্ধ হয়ে আরিফ আলামিনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরে সন্ধ্যায় আলামিনের বাবা উবাইদুল্লাহ মোল্লা ও মা জেসমিন বিষয়টি নিয়ে আরিফের কাছে জানতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, আরিফ গাজী, সাহেব আলী গাজী, শরিফুল গাজীসহ ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে উবাইদুল্লাহ ও তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে মারধর করেন।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় জেসমিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং উবাইদুল্লাহকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং মুখ ও ঠোঁটে আঘাত লেগে ক্ষত সৃষ্টি হয়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা আফরোজ জানান, আহত উবাইদুল্লাহর মুখে গুরুতর ক্ষত রয়েছে এবং সেখানে সাতটি সেলাই দিতে হয়েছে।

এদিকে হামলার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে চলে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগী উবাইদুল্লাহ মোল্লা অভিযোগ করে বলেন, “আমাদের মারধর করার পাশাপাশি বাড়িঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ঘরের টিনের চাল ভেঙে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।”

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...