Logo Logo

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ


Splash Image

পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বিজ্ঞাপন


বুধবার (৩ জুন) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকারের সাম্প্রতিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।

মিয়া গোলাম পরওয়ার জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন চার্জও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এর সরাসরি প্রভাব পড়বে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর, যার ফলে সাধারণ ভোক্তাদের ব্যয় আরও বাড়বে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয়ের দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকলে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হতো না। সরকারের এ সিদ্ধান্তকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় ও আর্থিক অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং কার্যকর সমাধানের দাবি জানান। পাশাপাশি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আহ্বান জানান।

এদিকে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা জানিয়েছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে এসব কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত তুলে ধরা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...