Logo Logo

আমানতের নিরাপত্তা, গ্রাহক স্বার্থ রক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি

বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ


Splash Image

দিনাজপুরের বীরগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহকদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এক ঘণ্টার কলম বিরতির আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


একই সঙ্গে ব্যাংকের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, বিতর্কিত চেয়ারম্যানের অপসারণ এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় বীরগঞ্জ পৌর শহরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখার নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ব্যাংকের আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের স্বার্থবিরোধী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তারা ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, ব্যাংক খাতকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি এস আলম গ্রুপের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশে গ্রাহকদের ওপর সংঘটিত পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ কোনোভাবেই কাম্য নয়।

এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন আইবিডাব্লিউএফ-এর দিনাজপুর জেলা সেক্রেটারি ও বীরগঞ্জ পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুন নবী বাবু।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রতি জনগণের দীর্ঘদিনের আস্থা অক্ষুণ্ন রাখতে হলে আমানতকারীদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। ব্যাংককে রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করা প্রয়োজন।

আইবিডাব্লিউএফ-এর বীরগঞ্জ পৌরসভা সভাপতি এবং ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক সার্জেন্ট (অব.) মো. রেজাউল করিম (রেজা) বলেন, গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা ব্যাংক কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব। আমানতকারীদের উদ্বেগ দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক মুহা. মোসাদ্দেক হোসাইনসহ ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক।

সমাবেশ শেষে বক্তারা আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং খাতে জনআস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...