Logo Logo

নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ


Splash Image

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ পাখির ওপর হামলার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানান, দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিজের কক্ষে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। তিনি এর কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরে তিনি নিজের কক্ষে ফিরে যান। এর কিছুণ পর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন তাঁর কক্ষে প্রবেশ করে তাঁকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। হামলায় তাঁর চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নলদী ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম বলেন, এক ব্যক্তি ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ এনে বারান্দায় রাখছিলেন। তখন চেয়ারম্যান পাখি তাকে বলেন, এটি একটি সরকারি অফিস, তাই অফিস চলাকালীন সময়ে বারান্দায় কাঠ না রেখে পাশে সরিয়ে রাখতে। এর কিছুক্ষণ পর কয়েকজন লোক এসে চেয়ারম্যানকে ‘মিলাদের কাজে বাধা দিলেন কেন’ বলে হুমকি-ধমকি দিতে থাকে। এরপরই সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান এসে চেয়ারম্যান পাখির ওপর সরাসরি হামলা চালান।

তবে নিজের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান। তিনি বলেন, আমি কেন তাকে মারতে যাব? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের তবারক রান্নার জন্য স্থানীয় লোকজন সেখানে জ্বালানি কাঠ জড়ো করছিলেন। চেয়ারম্যান সেই কাঠ রাখতে বাধা দেন। পরে সেখানে উপস্থিত উত্তেজিত জনতা তাকে মারধর করেছে বলে শুনেছি। আমি কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নই।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আবুল কালাম আজাদ পাখির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এই বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। এই সংক্রান্ত লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...