বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকালে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের বিভিন্ন প্রচেষ্টার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়নের ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১১৫৬/৮-এস এর নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টাকালে হাতেনাতে সিলভার চাকমাকে আটক করা হয়।
আটক সিলভার চাকমা দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের মৃত এনফন্ট নকরেটের ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া ১৪ বছর বয়সী ওই কিশোরীর নাম রাত্রি সরকার। সে একই উপজেলার বরইগঞ্জ এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে রাত্রি সরকারের অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে সে সিলভার চাকমার সহায়তা নিয়েছিল। পরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় বিজিবির টহল দল তাদের আটক করতে সক্ষম হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও সব ধরনের সীমান্ত অপরাধ রোধে বিজিবির এই কঠোর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...