Logo Logo

হাদি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মমতা ব্যানার্জির বক্তব্য খতিয়ে দেখার দাবি বোন মাছুমা হাদির


Splash Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন নিহতের বোন মাছুমা হাদি। তিনি বলেছেন, মমতা ব্যানার্জির বক্তব্যের অন্তর্নিহিত তথ্য ও সূত্র অনুসন্ধান করে হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটন করা রাষ্ট্রের দায়িত্ব।


বিজ্ঞাপন


সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মাছুমা হাদি বলেন, “মমতা ব্যানার্জির কাছ থেকে তার বক্তব্যের প্রকৃত অর্থ ও তথ্য উদঘাটন করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টির সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।”

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের পরিবারের বিনীত অনুরোধ, দ্রুত ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। এতে ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক ওসমান হাদির আদর্শ অনুসরণে উৎসাহিত হবে।”

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর অভিযুক্তরা কীভাবে ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কোনো রাষ্ট্রীয় বাহিনী বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানান তিনি।

এ সময় মাছুমা হাদি আরও বলেন, “চার্জশিট দাখিলের সময় বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে কেন, সে প্রশ্নের উত্তর জানতে চায় দেশের মানুষ।” তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের যোগানদাতা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে তাদের পরিচয় প্রকাশের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...