Logo Logo

বড় জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা


Splash Image

পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপ। ঠিক তার ৪৮ ঘণ্টা আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে বৈশ্বিক আসরের চূড়ান্ত মহড়া সেরে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পর এই প্রথম কোনো ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হয়ে দাপুটে জয় তুলে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা।


বিজ্ঞাপন


আজ বুধবার (১০ জুন) সকালে যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ১৫টি শটের ৭টিই লক্ষ্যে রাখে তারা।

ম্যাচের মাত্র ৮ মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। হোসে ম্যানুয়েল লোপেজ ফাউলের শিকার হলে বক্সের সামনে থেকে জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক খুঁজে নেয় ফাকুন্দো মেদিনাকে। মেদিনার বাড়ানো ক্রস থেকে আইসল্যান্ড রক্ষণভাগের জটলার মাঝ দিয়ে জোরালো শটে বল জালে জড়ান ভ্যালেন্টিন বার্কো। এটি জাতীয় দলের জার্সিতে বার্কোর দ্বিতীয় গোল। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্কালোনির দল।

ইন্টার মায়ামিতে খেলার সময় চোট পেয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় মেসিকে বিশ্বকাপের শুরু থেকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে আজ সব শঙ্কা উড়িয়ে ম্যাচের ৬৯ মিনিটে জিউলিয়ানো সিমিউনের বদলি হিসেবে মাঠে নামেন এলএম১০।

মাঠে নামার ঠিক পরেই নিজের চিরচেনা রূপে দেখা দেন মেসি। তার একটি রক্ষণচেরা পাস ধরে লাউতারো মার্টিনেজ যখন গোল করতে যাচ্ছিলেন, তখন আইসল্যান্ড গোলরক্ষক তাকে বক্সের ভেতর ফাউল করেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৮৬ মিনিটে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন থিয়াগো আলমাদা। মাঝমাঠ থেকে মেসির বাড়ানো পাস ধরে ডি-বক্সে বল বাড়ান রদ্রিগো ডি পল। সেখান থেকে আলতো ছোঁয়ায় চমৎকার ফিনিশিংয়ে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন আলমাদা। বিপরীতে আইসল্যান্ডের ৬টি শটের মাত্র একটি লক্ষ্যে থাকায় পুরো ম্যাচে আলবিসেলেস্তে রক্ষণভাগকে তেমন কোনো কঠিন পরীক্ষায় পড়তে হয়নি।

এই দাপুটে জয়ের পর ফুরফুরে মেজাজেই বিশ্বকাপে পা রাখছে আর্জেন্টিনা। আগামী ১৭ জুন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তের এই জয় দলটিকে শিরোপা ধরে রাখার মিশনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাতে কোনো সন্দেহ নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...