Logo Logo

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা


Splash Image

নিজেদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে এবং অভিযান এখনও চলমান রয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১০ জুন) সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্য করে এই সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে। এর পরিপ্রেক্ষিতে ইরানের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টার ভূপাতিত করা এবং পণ্যবাহী জাহাজে হামলার মাধ্যমে ইরান যে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তার জবাবে ‘সমানুপাতিক’ সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অযৌক্তিক ও মিথ্যা অজুহাতনির্ভর’ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী জাস্ক, সিরিক ও কিশম অঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এসব হামলায় সিরিক এলাকার একটি টেলিযোগাযোগ মাস্তুল এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান।

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে, “মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ সরকার জাস্ক, সিরিক এবং কিশমের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এর জবাবে বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা পরিচালনা করা হয়েছে। যদি তাদের আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য, পারস্য উপসাগর তীরবর্তী বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর বাহরাইনের রাজধানী এলাকাতেও ইরানের পক্ষ থেকে ব্যাপক হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।

সূত্র: আলজাজিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...