Logo Logo

বকশীগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১০ জুন) সকালে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো-ম্যানস ল্যান্ডে রেখে যায় বিএসএফ সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা তাকে ফিরিয়ে দেন। আবার ভারতের দিকে যেতে চাইলে বিএসএফ সদস্যরা বাধা দেন। এতে সীমান্ত এলাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর কোম্পানি কমান্ডার এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক কর্মকর্তার নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা হলেও কোনো সমাধান না হওয়ায় বিএসএফ ওই ব্যক্তিকে ফিরিয়ে নেয়নি। ফলে তিনি এখনও নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন বলে জানা গেছে।

বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ উভয়ই সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় পাহারায় অংশ নিচ্ছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরেই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চলছে। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”

স্থানীয়দের দাবি, সীমান্তে এমন পরিস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...