Logo Logo

আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘ছিনতাই’ করতে চান ব্রাজিল কিংবদন্তি


Splash Image

বিশ্বকাপ শুরুর আর মাত্র ৪৮ ঘণ্টারও কম সময় বাকি। এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দল এবং তাদের তারকাদের নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস।


বিজ্ঞাপন


এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা দল থেকে একজন ফুটবলারকে ব্রাজিল দলে নেওয়ার সুযোগ পেলে কাকে বেছে নিতেন—এমন প্রশ্নের উত্তরে বিন্দুমাত্র দ্বিধা করেননি ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। তার পছন্দ বর্তমান আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা এনজো ফার্নান্দেজ।

কার্লোসের ভাষ্য, এনজো এমন একজন মিডফিল্ডার যিনি আক্রমণভাগে কার্যকরভাবে বল সরবরাহ করতে পারেন এবং ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর্জেন্টাইন ফুটবলের যে সৃজনশীলতা ও আক্রমণাত্মক বৈশিষ্ট্য, তার প্রতিফলন এনজোর খেলায় স্পষ্টভাবে দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় উঠে আসে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রসঙ্গও। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া মেসিকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন ব্রাজিলের সাবেক এই তারকা। কার্লোস বলেন, মেসি শুধু একজন অসাধারণ ফুটবলারই নন, তিনি লাতিন আমেরিকান ফুটবলের অন্যতম বড় প্রতিনিধি। বিশ্বকাপ মঞ্চে তাকে আবারও উপভোগ করতে চান বলেও জানান তিনি।

তবে ২০২৬ বিশ্বকাপই মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে—এমন ধারণার সঙ্গে পুরোপুরি একমত নন কার্লোস। তার মতে, নিজের ফিটনেস ও শারীরিক সক্ষমতার প্রতি মেসির যত্নশীলতা বিবেচনায় ভবিষ্যতেও তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।

নিজ দেশের সম্ভাবনা নিয়েও কথা বলেন ব্রাজিল কিংবদন্তি। তার মতে, এবারের আসরে ব্রাজিলকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে না দেখাটা দলের জন্য ইতিবাচক হতে পারে। কারণ এতে চাপ কিছুটা কম থাকবে এবং দল নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারবে।

এদিকে ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা নেইমার প্রসঙ্গেও আশাবাদ ব্যক্ত করেছেন কার্লোস। তিনি মনে করেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে নেইমার ব্রাজিল দলের জন্য বিশাল শক্তি হয়ে উঠবেন। মাঠে কিংবা বেঞ্চে—যেখানেই থাকুন না কেন, তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়ায়। আর মাঠে নামলে তিনি সবসময়ই দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার দিতে সক্ষম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...