Logo Logo

কোটালীপাড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার প্রধান প্রধান সড়কে আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেন শত শত ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা এতে যোগ দেন।

শোভাযাত্রাটি কোটালীপাড়া পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের পরনে ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ জার্সি। অনেকের হাতে দেখা যায় ব্রাজিলের জাতীয় পতাকা, বিশালাকৃতির ব্যানার এবং প্রিয় তারকা ফুটবলারদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। ভুভুজেলার শব্দ ও উচ্ছ্বসিত স্লোগানে পুরো এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে। ‘ব্রাজিল, ব্রাজিল’ ধ্বনিতে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী আশিক মাহমুদ সুন, তপু দাড়িয়া, বাঁধন নিজামী ও মিঠুল খানসহ অন্যান্য সমর্থকরা বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এক গভীর আবেগের নাম। আর সেই আবেগের বড় অংশজুড়ে রয়েছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল। কোটালীপাড়ার মাটিতে ব্রাজিলের প্রতি সমর্থকদের যে অকৃত্রিম ভালোবাসা রয়েছে, আজকের এই গণজোয়ার তারই বহিঃপ্রকাশ। তারা আশা প্রকাশ করেন, ব্রাজিল দল তাদের নান্দনিক ও আকর্ষণীয় ফুটবলের মাধ্যমে ভবিষ্যতেও বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে যাবে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে শোভাযাত্রাটি সম্পন্ন হয়। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তরুণদের এই ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...