বিজ্ঞাপন
গতকাল শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজার আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিক্রয় প্রতিনিধি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, একমি ঔষধ কোম্পানির (ভেটেরিনারি ডিভিশন) মধুখালী উপজেলার বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ নওপাড়া বাজারসহ বিভিন্ন বাজারে বকেয়া টাকা কালেকশন শেষে বাগাট বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে নওপাড়া ইউনিয়নের তারাপুর খেয়াঘাট নামক একটি নির্জন এলাকায় পৌঁছালে একাধিক মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার কাছে থাকা নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তার চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী বিক্রয় প্রতিনিধি রবিউল আউয়াল আলফাদ বলেন, দিনব্যাপী মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে বকেয়া টাকা কালেকশন করি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওপাড়া বাজার থেকে কালেকশনের টাকাসহ বাগাট বাজারের উদ্দেশে রওনা হই। পথিমধ্যে তারাপুর খেয়াঘাট নির্জন এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেল নিয়ে একাধিক ব্যক্তি আমার মোটরসাইকেলটির গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে কুপিয়ে জখম করে এবং কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান জানান, বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ছিনতাই ও হামলার ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...