বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে বরিশালগামী আল-আমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৮২৫) এবং বিপরীত দিক বরিশাল থেকে ভাঙ্গাগামী একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-১১৭০) কাটাখালী ব্রিজের ওপর পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তীব্র এই সংঘর্ষের পরপরই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত আহতদের তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বাসচালক বাদশা মিয়া (৪০), মেহেদী হাসান (৩০), সাইদুর রহমান (৪৮), আলমগীর (৩৪), শিশু শারমিন (১১) ও খাদিজা (৩৮) গুরুতর জখম হয়েছেন। এছাড়া সামান্য আহত আরও ৮–৯ জন যাত্রী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রেকার ব্যবহার করে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পর সকাল ৯টা ৪০ মিনিটে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এই দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের অন্যান্য অংশের তুলনায় এই ব্রিজটি অত্যন্ত সরু। রাস্তা প্রশস্ত হলেও ব্রিজটি সরু হওয়ায় এখানে প্রায়ই এমন ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। মহাসড়কের এই নির্দিষ্ট স্থানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জোর দাবি জানিয়েছেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...