Logo Logo

মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪


Splash Image

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সংবাদপত্রবাহী মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক নিহত হন এবং আরও চারজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। ঘটনাস্থল থেকে সংবাদপত্রবাহী মিনি ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...