Logo Logo

নেত্রকোণায় স্টার্টআপ ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন প্রদর্শনী, সেরা বাউসী অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়


Splash Image

বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং-২০২৬’। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রদর্শনী প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।


বিজ্ঞাপন


গতকাল রবিবার (১৪ জুন) দুপুরে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী কর্মসূচির উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার খুদে বিজ্ঞানীরা তাদের চমৎকার সব উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক গবেষণা, প্রযুক্তিনির্ভর প্রকল্প এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে।

নেত্রকোণা জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জিং যুগে প্রবেশ করেছে। এই বাস্তবতায় আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের কোনো বিকল্প নেই। গবেষণা, সৃজনশীলতা ও নিত্যনতুন ধারণার প্রায়োগিক চর্চার মাধ্যমেই তরুণ প্রজন্ম আগামী দিনের 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে।

তারা আরও উল্লেখ করেন, এ ধরনের বিজ্ঞান প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা বৃদ্ধি করার পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন জটিল সমস্যার সৃজনশীল ও সাশ্রয়ী সমাধান খুঁজে বের করার সক্ষমতা তৈরি করে। এটি তরুণদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের একটি উন্মুক্ত ও চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রজেক্টের মধ্যে বিচারকদের চুলচেরা মূল্যায়নে বাউসী অর্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে নেত্রকোণা সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

মনোজ্ঞ এই আয়োজনের সমাপনী পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জেলা পর্যায়ে বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রসারে, উদ্ভাবনী চিন্তা বাড়াতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের শিক্ষাবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

শিক্ষার্থীদের ব্যতিক্রমী সব উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল চিন্তার এই সফল প্রদর্শনী নেত্রকোণার সামগ্রিক শিক্ষা অঙ্গনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...