বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) সকাল থেকে ট্রাকটি টেনে তোলার কাজ চলমান রয়েছে।
গত রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এ সময় শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাওয়ার পথে বালুভর্তি একটি ট্রাক ব্রিজের ওপর উঠলে সেটি ধসে যায় এবং ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়।
ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে জেলা শহরের হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে প্রায় দেড় কিলোমিটার ঘুরপথ ব্যবহার করে শহরের বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হচ্ছে। জেলা শহরের অন্যতম প্রধান এই সড়ক ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী এবং আদালতসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষ চলাচল করেন। ফলে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ।
সোমবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ব্রিজ পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দ্রুততম সময়ের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বেইলি ব্রিজটি পুনর্নির্মাণ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনায় খালে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে সংশ্লিষ্টরা কাজ চালিয়ে যাচ্ছেন। ট্রাকটি সম্পূর্ণ উদ্ধার এবং ব্রিজ পুনর্নির্মাণ শেষ হলে সড়কটিতে স্বাভাবিক যান চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...