Logo Logo

আদ-দ্বীনের অন্য শাখার কার্যক্রমে কোনো বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী


Splash Image

ছবি : সংগৃহিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসনে। তিনি বলেন, সরকারের নেওয়া ব্যবস্থা কেবল সংশ্লিষ্ট হাসপাতালের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য শাখাগুলোর কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের চিকিৎসাবিষয়ক নতুন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “নবজাতক মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুতর। তদন্তে অক্সিজেন সংকট ও দায়িত্বে অবহেলার বিষয় উঠে এসেছে। এ ঘটনায় চিকিৎসক, নার্স এবং হাসপাতাল প্রশাসনের দায়িত্বহীনতা ছিল বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।”

স্বাস্থ্য সেবা খাতে গাফিলতি বা দায়িত্বহীন আচরণের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসনে বলেন, “সরকার স্বাস্থ্যসেবা খাতে কোনো ধরনের অবহেলা বরদাশত করবে না। রোগীর জীবন ও নিরাপত্তার প্রশ্নে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। সরকার এ ধরনের ঘটনার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে।”

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সামগ্রিক মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবার মান এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের আরো দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।”

এ সময় হাম প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রামক রোগ মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এ প্রচেষ্টা আরো জোরদার করা প্রয়োজন।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...