বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা যায়, বোড়াশী উত্তরপাড়ার বাসিন্দা মৃত জগবন্ধু বিশ্বাসের ছেলে জগদীশ বিশ্বাসের সম্পত্তি নিয়ে প্রতিবেশী অসিত বালার পরিবারের সাথে দীর্ঘদিনের বিরোধ। তবে জমিটির বিআরএস (BRS) রেকর্ড, নামজারি এবং মূল দলিলসহ যাবতীয় আইনি কাগজপত্র সম্পূর্ণরূপে জগদীশ বিশ্বাসের নামে হালনাগাদ রয়েছে। এই জমি সংক্রান্ত বিরোধটি আদালত পর্যন্ত গড়ালে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত জগদীশ বিশ্বাসের পক্ষেই রায় প্রদান করেন।
আদালতের রায়ে হেরে গিয়ে জমি হাতছাড়া হওয়ার ভয়ে অসিত বালা এবার ভয়াবহ প্রতারণার আশ্রয় নিয়েছে। সে জগদীশ বিশ্বাসের উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিতে অবৈধভাবে দুটি ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। যার একটিতে লেখা "আদেশক্রমে কর্তৃপক্ষ" এবং অন্যটিতে লেখা রয়েছে "জজ কোর্ট, গোপালগঞ্জ"।
অনুসন্ধানে জানা যায়, বিজ্ঞ আদালত ওই জমির ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বা এই জাতীয় কোনো সাইনবোর্ড লাগানোর আদেশ আদৌ দেননি। সম্পূর্ণ বেআইনিভাবে ও জালিয়াতি করে আদালতের নাম ব্যবহার করেছে অসিত বালা।
স্থানীয়দের অভিযোগ, এই ভুয়া সাইনবোর্ড বসানোর কাজে অসিত বালা এলাকার একটি অসাধু চক্রের সহযোগিতা নিয়েছে। মূলত এই চক্রটি বিভিন্ন সময়ে অসিত বালাকে উস্কে দিয়ে জগদীশ বিশ্বাসকে ভিটেছাড়া করতে পাঁয়তারা চালাচ্ছে।
স্থানীয়দের আরো অভিযোগ, অসাধু এই চক্রটি এলাকায় মাদক বেচা-কেনা ও সেবনসহ সকল প্রকার অপকর্মের সাথে জড়িত। রাজনৈতিক দলের ছত্রছায়ায় চক্রটি দিনের পর দিন এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে। এলাকার যে কোন ঘটনায় চক্রটি সব পক্ষকে উস্কে দিয়ে বিরোধ সৃষ্টি করে উভয় পক্ষের নিকট থেকে ফায়দা লুটছে। বেশ কিছু দিন পূর্বে এই চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংখ্যালঘু একটি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গোপালগঞ্জ জেলা বারের বিজ্ঞ আইনজীবীদের মতে, আদালতের কোনো নির্দেশ বা নিষেধাজ্ঞা ছাড়া জজ কোর্টের নাম ব্যবহার করে ভুয়া সাইনবোর্ড টাঙানো বাংলাদেশের দণ্ডবিধি আইন অনুযায়ী একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এটি একই সাথে জালিয়াতি, প্রতারণা এবং সরাসরি আদালত অবমাননার শামিল, যার শাস্তি অপরাধের ধরন ভেদে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
জগদীশ বিশ্বাসের অভিযোগ, অসিত বালা একজন মাদকসেবী। এর আগেও সে তার সীমানার মেহগনি, বাঁশঝাড় ও ফলন্ত গাছপালা কেটে সাবাড় করেছে।
উল্লেখ্য, এই জমি নিয়ে অসিত বালার সহিংসতা এবারই প্রথম নয়। সম্প্রতি জগদীশ বিশ্বাসের ভাই প্রদীপ বিশ্বাস পৈত্রিক জমিতে কাজ করতে গেলে অসিত বালা ও তার পরিবার লাঠিসোটা নিয়ে হামলা চালায়। সে সময় প্রদীপকে বাঁচাতে এগিয়ে এলে জগদীশ বিশ্বাস এবং তাঁর স্ত্রী শিলা বিশ্বাসকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে অসিত বালা, খোকন বালা, রতন বালা ও সুজিৎ বালা। ওই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।
পূর্বের মারধরের ঘটনার পর আদালতের নাম ভাঙিয়ে নতুন করে জালিয়াতি ও চক্রান্ত শুরু করায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। জগদীশ বিশ্বাসের পরিবারের দাবি, ঘটনার তদন্তপূর্বক অসিত বালাসহ যারা এই অবৈধ সাইনবোর্ড টাঙানোর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...