Logo Logo

পাইকগাছায় ভূমিহীনদের বাড়িঘরে হামলা-লুটপাট ও মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ


Splash Image

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের পার-রামনাথপুরে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে।


বিজ্ঞাপন


অভিযোগে প্রকাশ, উপজেলার পার-রামনাথপুর এলাকার চরভরাটি জায়গায় ৫৬টি ভূমিহীন পরিবার সরকারের কাছ থেকে ভূমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘ ৩০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তবে পার্শ্ববর্তী দরগামহল এলাকার কতিপয় সন্ত্রাসী ও ভূমিদস্যু আবারও সোমবার রাতে ওই এলাকার ভূমিহীন তপন বিশ্বাসের বাড়িঘরে হামলা চালায়। হামলাকারীরা বাড়ি ভাঙচুর করে ভেতরে থাকা যাবতীয় মালামাল তছনছ ও লুটপাট করে। একই সময়ে দুর্বৃত্তরা তপন বিশ্বাস ও উৎপল মনার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে, যার ফলে ঘেরের প্রচুর মাছ মারা গিয়ে হাজার হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

ভুক্তভোগী তপন বিশ্বাস অভিযোগ করে বলেন, সোহাগ, আশরাফ ও রহিমসহ আরও কয়েকজন দলবদ্ধ হয়ে এই বর্বরোচিত হামলা চালিয়েছে। হামলার সময় স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে তাদের তাড়া করলে দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর আগেও এই চক্রটি তপন ও বাড়ুর বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল এবং ঘেরের মাছ লুটপাট করেছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ভূমিহীন নেতা সিরাজুল ইসলাম জানান, ইতিপূর্বে ঘটা এসব অন্যায়ের বিরুদ্ধে পাইকগাছা থানা ও আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। তবে উক্ত মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে এসে আবারও এলাকায় নতুন করে এই উৎপাত ও তাণ্ডব শুরু করেছে। এই ঘটনায় ভূমিহীন পরিবারগুলোর মাঝে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...